গাজীপুরে ২ শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের বিভিন্ন স্থানে গতকাল শনিবার অভিযান চালিয়ে দুই শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত রাইজার, চুলা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের সহকারী কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজারের পশ্চিমে খাসপাড়ায় প্রায় ২০০ বাসাবাড়িতে অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহৃত হচ্ছেÑ এমন সংবাদের পরিপ্রেক্ষিতে গতকাল ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ওই এলাকার প্রভাবশালী কাঠ ব্যবসায়ী মো. শুক্কুর ও মো. সুরুজের মাধ্যমে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়েছিল। তারা চুলাপ্রতি মাসোহারা আদায় করতেন। অভিযানের খবর পেয়ে অবৈধ সংযোগ প্রদানের হোতা ও বাসাবাড়ির লোকজন গা ঢাকা দেয়। এ সময় সবগুলো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার, রেগুলেটর জব্দ করা হয়।

একই দিন গাজীপুর নগরীর হাড়িনাল বাজারের পূর্বপাশে আইয়ুব খান, শাহজাহান মিয়া ও শফিকের বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া শিমুলতলী এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১৫টি বাসার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।