টেলিভিশনের পর্দায় সমালোচনা করা যায়, কাজের বেলায় নাই: স্বাস্থ্যমন্ত্রী

খরচ ছাড়া টেলিভিশনের পর্দায় সমালোচনা করা যায়, কিন্তু তারা তো করোনা নিয়ে কাজ করতে পারেননি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি সমালোচকদের উদ্দেশে বলেছেন, মিডিয়ায় খরচ ছাড়া ঘরে বসে সমালোচনা করা যায়। খরচ ছাড়া টেলিভিশনের পর্দায় সমালোচনা করা যায়। কিন্তু করোনার ছয় মাসে আপনাদের তো দেখলাম না মানুষের পাশে দাঁড়াতে। ছয় মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ই কাজ করেছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আমরা অন্যান্য দেশের তুলনায় ভালো করেছি।

শনিবার দুপুরে সাটুরিয়া বাজারে তিনটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমালোচকদের উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনারা শুধু সরকার ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণœ করেছেন। মানুষের কোনো সাহায্যে এগিয়ে আসেননি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের ব্যবস্থা হচ্ছে। বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভ্যাকসিন বাজারে এলেই বাংলাদেশ আগে পাবে। প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনার কারণেই বাংলাদেশে মৃত্যুর সংখ্যা অনেক কম। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে মাস্ক পরতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

এরপর স্বাস্থ্যমন্ত্রী সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে দুটি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন।