বেনাপোলে নিত্যপণ্যের বাজার লাগামহীন

বেনাপোলে লাগামহীনভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। এছাড়া এক সপ্তাহ আগে যে বেগুন ২০ টাকায় বিক্রি হতো তা এখন ঠেকেছে ৭০-এ। এতে সমস্যায় পড়েছেন নিম্নআয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, বন্যা ও বৃষ্টির কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে।

গতকাল শনিবার বেনাপোলের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে- মাত্র কয়েক দিনের ব্যবধানে ৪০ টাকার কাঁচা মরিচ ২০০ টাকা, শুকনা মরিচ ৩০০ টাকা, ৪০ টাকার পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ১০০ টাকা, ২০ টাকার বেগুন ৭০ টাকা, ১০ টাকার পেঁপে ৩০ টাকা, ২০ টাকার কাঁচকলা ৫০ টাকা, বরবটি ৪০ টাকা, লতি ৪০ টাকা, কচুর মুখি ৪০ টাকা, ওল ৪৫ টাকা, আলু ৩৫ টাকা, ডাঁটা ৩০ টাকা, টমেটো ১০০ টাকা, পুঁইশাক ২০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, লালশাক ৩০ টাকা, লাউ ৩০ টাকা, কাঁকরোল ৩০ টাকা, লেবুর হালি ২০ টাকা এবং ৩৮ টাকা কেজির মোটা চাল বিক্রি হচ্ছে ৪৪ টাকায়।

বেনাপোলের ছোট আচড়া গ্রামের মামুনুর রহমান জানান, করোনার কারণে তার আয়-রোজগার নেই। তারপরও পরিবারের জন্য ধারদেনা করে বাজার করতে হচ্ছে। ক্ষমতার বাইরে চলে যাওয়ায় কাঁচা মরিচবিহীন তরকারি রান্না হচ্ছে বলেও জানান মামুনুর। বেনাপোল বাজার মুদি ব্যবসায়ী রেজোয়ান জানান, বন্যা ও বৃষ্টির ফলে কাঁচা তরি-তরকারির ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া করোনার কারণে বাইরে থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কম আসায় চাহিদার তুলনায় মজুদ কম। তাই সব ধরনের সবজির দাম বেড়েছে।