বেনাপোলে অস্ত্র গুলিসহ ৩ যুবক গ্রেপ্তার

ভারত থেকে পাচার করে আনার সময় বেনাপোলের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে যশোর-৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- বেনাপোল পোর্ট থানার সরবাঙ্গহুদা গ্রামের সহিদ বিশ্বাসের ছেলে আনারুল বিশ্বাস (৩৪) ও সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) ও আজিবর রহমানের ছেলে সাজ্জুল ইসলাম (৩৫)।

সেলিম রেজা জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোরে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবির একটি টহল দল বেনাপোলের ২ নম্বর ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।