রাশিয়ার ‘স্পুটনিক ভি’ টিকার ডেভেলপার প্রধান জানিয়েছেন, নভেল করোনাভাইরাসের যেকোনো মাত্রার সংক্রমণের বিরুদ্ধে কাজ করবে তাদের ভ্যাকসিন।
মস্কোর গামেলিয়া রিসার্চ সেন্টারের প্রধান আলেকজান্ডার গিন্সবুর্গ এমন কথা বলার আগে ব্রিটিশ পাবলিকেশন ল্যানসেট জার্নাল জানায়, টিকাটি প্রাথমিক ট্রায়ালে অংশ নেয়া সবার শরীরে নিরাপদ ও কার্যকরী অ্যান্টিবডি তৈরি করেছে।
মেডিকেল ইতিহাসের অন্যতম সম্মানজনক এবং পুরোনো একটি জার্নাল এই ল্যানসেট।
গিন্সবুর্গ বলেছেন, ‘ট্রায়ালে অংশ নেয়া মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তা কভিড-১৯-এর যেকোনো ডোজের বিরুদ্ধে কাজ করবে।’
পৃথিবীর প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের অনুমোদনের ঘোষণা দিয়ে সেটি জাতীয়ভাবে ব্যবহারের একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে রাশিয়া। রাজধানী মস্কোর তিনটি ক্লিনিকের বহির্বিভাগ রোগীদের জন্য ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনের প্রথম চালান পাঠানো হয়েছে।
মস্কোর ডেপুটি মেয়র আনস্তাসিয়া রাকোভাকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সামনের সপ্তাহ থেকে ক্লিনিকগুলোতে শুরু হবে অনুমোদন পরবর্তী ট্রায়াল।
মেয়র বলেন, ‘মস্কো সরকার ও গামেলিয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট কভিড-১৯ মোকাবিলায় ভ্যাকসিনের অনুমোদন পরবর্তী ট্রায়াল নিবন্ধনে অংশ নিতে রাজধানীর বাসিন্দাদের আমন্ত্রণ জানিয়েছে। এ কর্মসূচির আওতায় ৪০ হাজার মানুষকে যোগ করা হবে। বিনা মূল্যে সবাইকে টিকা দেয়া হচ্ছে।’