প্রেমের জেরে আদালত প্রাঙ্গনে বন্ধুকে ছুরিকাঘাত

নেত্রকোনায় আদালত প্রাঙ্গনে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু আহত হয়েছেন। রবিবার দুপুরে জজ কোর্ট চত্ত্বরে বন্ধুর হাতে বন্ধুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত আজাহারুল ইসলামকে (২৫) প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠন কর্তব্যরত চিকিৎসক।

আহত আজাহারুল ইসলাম পূর্বধলা উপজেলার ভুগী গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং তিনি জমি-সংক্রান্ত মামলায় রবিবার আদালতে এসেছিলেন।

অভিযুক্ত বন্ধু রবিউল আলম বিজয় (২৩) নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। ছুরিকাঘাতের ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণ থেকে রবিউলকে রক্তমাখা ছুরিসহ হাতেনাতে আটক করে পুলিশ।

তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন।

পুলিশ অভিযুক্তকে আটকের সময় দেশ রূপান্তরকে রবিউল আলম বিজয় বলেন, আমরা দু’জন বন্ধু। বন্ধু এক মেয়ের নাম্বার আমাকে দিয়েছিল। নাম্বারের সূত্র ধরে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ওই মেয়ের জন্য অনেক অর্থ ও সময় নষ্ট হয় আমার।

পরে অভিযুক্ত রবিউল জানতে পারেন মেয়েটি আমার চাচাতো বোন এবং বন্ধুর যোগসাজশে আমার অর্থ ও জীবন নষ্ট হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন দেশ রূপান্তরকে জানান, রবিউলকে হাতেনাতে ছুরিসহ আটক করা হয়েছে। সে ছুরি দিয়ে আজাহারকে পেটে ছুরিকাঘাত করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত কারণ পরে বলা যাবে।