বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন জমা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

রবিবার বিকেল পৌনে ছয়টায় তদন্ত কমিটির সকল সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদের নিকট প্রতিবেদনটি জমা দেয়া হয়।

প্রতিবেদনের বিষয়ে তদন্ত কমিটির প্রধান মো. আব্দুল কুদ্দুস মিয়া বলেন, আমরা সফলভাবে তদন্তকাজ সম্পন্ন করেছি। আশা করছি প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসবে এবং আমাদের অবশিষ্ট কম্পিউটারগুলোও উদ্ধার হবে।

প্রসঙ্গত, গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে এবং ৩৪ টি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে গত ১০ আগস্ট সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।