প্রায় ছয় ঘণ্টা জেরার পর অবশেষে ভারতীয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তর থেকে বের হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এনসিবি সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামীকাল তাকে আবার হাজিরা দিতে বলা হয়েছে। আজ সকালে সমন জারি করার পর রিয়া এনসিবি (ন্যাশনাল ক্রাইম ব্রাঞ্চ) দপ্তরে দেরি করে পৌঁছানোয় জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় খানিক দেরি হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ সূত্র থেকে জানা যায়, আজ জেরায় নিজে মাদক সেবন এবং সরাসরি মাদক পাচারের অভিযোগ অস্বীকার করেছেন রিয়া। জেরায় তিনি জানিয়েছেন, ভাইয়ের মাধ্যমে সুশান্তের জন্য মাদক সংগ্রহ করতে বলেছিলেন তিনি।
এই বছরের মার্চের ১৫ তারিখে তার এবং তার ভাইয়ের মাদক সংক্রান্ত যে চ্যাট কিছুদিন আগে ফাঁস হয়ে যায়, তা সত্যি বলে জানিয়েছেন রিয়া। সূত্রের খবর, ভাই যে মাদক পাচারকারী বাসিতের কাছ থেকে মাদক সংগ্রহ করে তা জানতেন রিয়া। তাদের বাড়িতেও একবার এসেছেন বাসিত।
রবিবার সকালেই এনসিবির একটি দল সমন নিয়ে তার বাড়িতে পৌঁছায়। তার পর বেলা সাড়ে ১১টা নাগাদ মুম্বাইয়ে এনসিবির সদর দপ্তরে পৌঁছান রিয়া। মুম্বাই পুলিশের তিনটি গাড়ি সেখানে তাকে এসকর্ট করে নিয়ে যায়। গাড়ি থেকে নামার পর সংবাদমাধ্যম তাকে ছেঁকে ধরলেও, কোনো প্রতিক্রিয়া না দিয়েই ভেতরে চলে যান রিয়া। মাদক সম্পৃক্ততার কারণে ইতিমধ্যেই রিয়ার ভাই শৌভিক এবং সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করেছে এনসিবি।