অনলাইন টিভি খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

সাভারে অনুমোদনহীন অনলাইন টিভি চ্যানেলে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাতে সাভারের হেমায়েতপুর মোল্লা মার্কেটে অবস্থিত নিউজটিভিবাংলা নামক ওই টেলিভিশনের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৪-এর মিরপুর ক্যাম্পের এএসপি উনু মং জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র হেমায়েতপুরে অফিস ভাড়া নিয়ে সাংবাদিকতার নামে মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে আসছিল। চক্রটি দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগের নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এ ছাড়াও কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুমোদনহীন ভুয়া অনলাইন টিভি চ্যানেল নিউজটিভিবাংলার অফিসে শনিবার অভিযান চালানো হয়।

এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চ্যানেলটির ভাইস চেয়ারম্যান পরিচয়দানকারী চক্রের প্রধান দিদারুল ইসলাম (৩৫), ওয়াসিম মণ্ডল (৩০), মাহমুদা জেসমিন রিতা (২০) ও আছমা আক্তার রিতু (৩২) কে গ্রেপ্তার করা হয়। অফিসটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা, বিদেশি মদ, কম্পিউটার, মনিটর ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, দিদারুল ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।