ঝিনাইদহের কালীগঞ্জে বাপ্পি মোল্লা নামে এক দরিদ্র কৃষকের ১০ শতক জমির বেগুনগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে কে বা কারা গাছগুলো কেটে ফেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ষাইটবাড়িয়া গ্রামে।
বাপ্পি মোল্লা জানান, তার মাত্র ১০ শতক জমি রয়েছে। অন্যের বাড়িতে কাজের পাশাপাশি নিজ জমিতে চাষাবাদ করে তার সংসার চলে। কয়েক মাস আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে শসা চাষ করেছিলেন তিনি। বৃষ্টির কারণে শসাগাছ মরে যায়। পুনরায় প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নিয়ে ওই জমিতে বেগুনের আবাদ করেছিলেন তিনি। আর কয়েক দিন পরই গাছে বেগুন ধরত।
গতকাল রবিবার সকালে গিয়ে নিজের জমির বেগুনগাছগুলো কাটা দেখতে পান তিনি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া বলেন, বাপ্পি মোল্লার ক্ষেতের বেগুনগাছ কেটে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই কৃষক থানায় অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।