বিমানবন্দরে চাকরির নামে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের ১৩ জনের জেল

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে চারটি প্রতিষ্ঠান।

এমন অভিযোগে রবিবার রাজধানীর নিকুঞ্জ-২ ও বাড্ডা এলাকায় চার প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এসব প্রতিষ্ঠানের ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দিয়েছেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, চাকরি দেওয়ার নামে কয়েক হাজার চাকরি প্রত্যাশীর কাছ থেকে মেডিকেল সার্ভিস ও অফেরতযোগ্য জামানতের কথা বলে জনপ্রতি ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা করে নিচ্ছিল চারটি প্রতিষ্ঠান। এছাড়া কোন ধরনের অনুমোদন ছাড়া বিদেশে লোক পাঠানোর নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল তারা।

নিকুঞ্জ-২ এর আর কে চৌধুরী ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের পাঁচজনকে দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন, রাসেল চৌধুরী, জাহিদুল ইসলাম মিন্টু, মো. আক্তার ও আবুল কাশেম।

এনএসএসএস নামে একটি প্রতিষ্ঠানের মো. আতাউর রহমান ও মো. বায়েজিদকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাড্ডা লিংক রোডের ধানসিঁড়ি লজিস্টিক সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া আশীর্বাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানের বিপ্লব ভট্টাচার্য ও সুমন নামের দুজনসহ ১৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।