ইংল্যান্ডের সিরিজ জয়

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পেল না অস্ট্রেলিয়া। গতকাল সাউদাম্পটনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৬ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ পকেটে পুরেছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে অস্ট্রেলিয়া ১৫৭ রান করেছিল। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সফরকারীদের শুরুটা ভালো হয়নি। ৩০ রানে ৩ উইকেট হারিয়েছিল তারা। শেষ পর্যন্ত ১৫৮ রানের লক্ষ্য দেয়। জবাব দিতে নেমে জশ বাটলারের অপরাজিত ৭৭ রানের ঝড়ো ইনিংসে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। ডাউইড মালান ৪২ রান করেন। মাত্র ৪ উইকেট হারায় ইংল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন বাটলার। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাস্টন অ্যাগার দুটি উইকেট নেন। ইংল্যান্ডের পক্ষে দুই উইকেট নেন ক্রিস জর্ডান।