বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দুর্নীতিকেই মূল রাজনীতি হিসেবে বেছে নিয়েছে। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্র্তৃক সদরঘাট-কেরানীগঞ্জ-গুদারাঘাট বন্ধের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে গয়েশ্বর বলেন, বহু গার্মেন্টসকর্মী ও নিম্ন আয়ের মানুষ সদরঘাট-কেরানীগঞ্জ-গুদারাঘাট দিয়ে নদী পারাপার হয়। ঘাটটি বন্ধ হয়ে গেলে নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করা মানুষগুলো বেকার হয়ে পড়বে। পরিবার-পরিজন নিয়ে তারা পথে বসবে। তা ছাড়া স্থানীয় ব্যবসায়ীরাও এতে ক্ষতিগ্রস্ত হবেন। একে তো করোনার প্রভাবে আর্থিক সংকট, তার ওপর ঘাট বন্ধের সিদ্ধান্ত কেরানীগঞ্জবাসীর জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াবে।