বগুড়ায় মাটি খুঁড়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

বগুড়ার কাহালুতে নিখোঁজ কলেজছাত্র আরমান হোসেন আন্নার (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের ডুমুর গ্রাম খাঁ পাড়ার একটি পুকুর পাড় থেকে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আরমান হোসেন আন্না ডুমুর গ্রামের আজিজার রহমানের ছেলে এবং গাইবান্ধা সরকারি কৃষি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

এ ঘটনায় পুলিশ  সুজন (২২) ও ওবায়দুর (৩০) নামের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এলাকাবাসী জানায়, রবিবার রাত ৮টা পর্যন্ত আন্নার সঙ্গে আটক সুজনকে ওই পুকুর পাড়ে বসে গল্প করতে দেখেন আরমানের পরিবারের লোকজন। রাতে আন্না বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা সোমবার ভোর থেকে তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে খাঁপাড়ায় ইটের দেয়াল ঘেরা ওই পুকুর পাড়ে মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় তাদের। পরে সেখানে মাটিতে পুঁতে রাখা আন্নার মরদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় পুলিশ লাশটি উদ্ধার করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, শ্বাসরোধ করে আন্নাকে হত্যার পর মাটি খুঁড়ে লাশ পুতে রাখা হয়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।