স্বজনপোষণ বিতর্কে হলে উঠছে না ঈশান-অনন্যার ছবি

কয়েকদিন আগে জি স্টুডিও রিলিজ করেছে ঈশান খাট্টার, অনন্যা পাণ্ডে ও জয়দীপ আলাওয়াত অভিনীত ‘খালি পিলি’র টিজার। সেখানে প্রধান মুখগুলোকে একাধিক লুকে দেখা গেছে। যা আলোচনায় এসেছে বেশ।

অবশ্য শুরু থেকে গুঞ্জন ছিল ডিজিটালি রিলিজ হবে ‘খালি পিলি’। তা এবার সত্যি হতে যাচ্ছে। ২ অক্টোবর নতুন ভিওডি প্ল্যাটফর্ম জি প্লিক্সে মুক্তি পাবে এ ছবি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডে অনেক সমীকরণ পাল্টে দিয়েছে। বিশেষ করে স্বজনপোষণের কোপে পড়ে অনেকেই ছবি হলে মুক্তি দিতে সাহস পাচ্ছেন না। ‘খালি পিলি’র ক্ষেত্রে তা-ই হচ্ছে।

প্রথমে প্রযোজকদের সঙ্গে কথা হয় নেটফ্লিক্স ও জিফাইভের সঙ্গে। দুই প্ল্যাটফর্মই আগ্রহ দেখায়। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান জি স্টুডিও’র ইচ্ছা ছিল বড় আকারে প্রেক্ষাগৃহে রিলিজের। পরে স্বজনপোষণ বিতর্ক ধরে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়। এর বদলে নিজেদের নতুন প্ল্যাটফর্ম জি প্লিক্সের মাধ্যমে যোগ করতে যাচ্ছে জি ফাইভের লাইব্রেরিতে। অনলাইনে টিকিট কিনে সিনেমাটি দেখা যাবে।

‘খালি পিলি’ পরিচালনা করেছেন মকবুল খান। প্রযোজনায় আছেন নামি নির্মাতা আলী আব্বাস জাফর।

এ দিকে করোনা ও স্বজনপোষণ বিতর্কের জেরে সম্প্রতি গুঞ্জন সাক্সেনা, সড়ক টু’র মতো কিছু ছবি হলের বদলে মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। এর মধ্যে দ্বিতীয় ছবিটি ‘বিরক্তিকর’ নির্মাণের কারণে দর্শক-সমালোচকের নিন্দার শিকার হয়েছে। অবশ্য ডিজিটাল রিলিজের মাধ্যমে প্রযোজকেরা লাভবান হচ্ছেন।