আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী মানববন্ধনের অনুমতি দেয়নি প্রশাসন

রাজবাড়ীর কালুখালি উপজেলায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ ও গণ আন্দোলন গড়ে তোলার লক্ষে পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচীর অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। এর প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংসদ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোমবার সকাল ১০ টায় উপজেলার ৭ টি ইউনিয়নের প্রায় ২০ হাজার নারী-পুরুষের অংশগ্রহণে বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু করে ১০ কিলোমিটার এলাকা জুড়ে ওই মানববন্ধন কর্মসূচী হওয়ার কথা ছিল। এজন্য লিখিত আবেদন করা হয়েছিল জেলা প্রশাসকের কাছে। কিন্তু পুলিশী আপত্তির কারণে এই কর্মসূচী পালনের অনুমতি মেলেনি । 

এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে কালুখালি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান নবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কালুখালি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুরো, সাধারণ সম্পাদক ডা. এএফএম সফিউদ্দিন আহম্মদ পাতা প্রমুখ।

এ সময় সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লু হাকিম মোবাইল ফোনে বক্তব্য রাখেন।

তিনি বলেন, তাদের শান্তিপূর্ণ মাদক বিরোধী মানববন্ধন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বন্ধ করেছেন। লিখিত অনুমিত চেয়েও পাননি। এ জন্য তিনি দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারপরও তারা উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপূর্নভাবে সীমিত আকারে মানববন্ধন করেছেন।

এছাড়া মাজবাড়ীর বেতবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান রবিউল হত্যার তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দুষ্টান্তমূলক শাস্তি এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করতে প্রশাসনের প্রতি আহবান জানান।

এদিকে মানববন্ধন কর্মসূচীর অনুমতি না দেওয়ার বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, একই সময় ও স্থানে রবিউল হত্যকান্ডের প্রতিবাদে মাজবাড়ী ইউপি সদস্য আমেনা বেগম আরেকটি আবেদন করেন। এ বিষয়ে পুলিশ সুপারের মতামতের ভিত্তিতে দুই পক্ষের কর্মসূচীর প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার আশংকায় কাউকেই অনুমতি দেওয়া হয়নি।