নারায়ণগঞ্জে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবার ও দগ্ধ প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকারের পক্ষে এ রিট আবেদনটি করা হয়। এ ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়।
আদালত এর ওপর শুনানির জন্য মঙ্গলবারের আবেদনটি কার্যতালিকায় রাখার নির্দেশ দেন বলে জানান রিটকারীর আইনজীবী তৈমুর আলম খন্দকার।
রিট আবেদনে ক্ষতিপূরণের আরজির পাশাপাশি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা জারির আরজি জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন সেবা সংস্থা যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ, টেলিফোনের লাইন নিয়মিত দেখভালের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
প্রসঙ্গত, গত শুক্রবার নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অন্তত ৪০ জন দগ্ধ হন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানে গতকাল পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা।