নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলাটি পুনরায় তদন্তের জন্য আবেদন জানিয়েছেন এই মামলার সাক্ষী একেএম শামীম ওসমান।
সোমবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রথম বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালতে সাক্ষী দিতে এসে আইনজীবীর মাধ্যমে এ নারাজি আবেদন করেন তিনি। আবেদনে পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে মামলাটি পুনরায় তদন্ত চাওয়া হয়েছে।
আদালতে সাক্ষী শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সাংবাদিকদের বলেন, আমি এই চার্জশিট মানি না। বোমা হামলার ঘটনার পরপর আমার কাছ থেকে সাক্ষ্য নেওয়া হয়েছিল। যে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য গ্রহণ করেছে, আমি যা বলেছিলাম তার সাথে এই চার্জশিটের কোন মিল নেই। এ জন্য আমি আদালতকে তা অবগত করেছি এবং আদালত তা গ্রহণ করে আদালতের পিপিকে পিটিশন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত, ২০০১ সালের ১৬ জুন চাষাড়া শহীদ মিনার সংলগ্ন আওয়ামী লীগ অফিসে বোমা হামলা হয়। ওই বোমা হামলায় ২০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে মামলা দায়ের করেন।