পিডিবির দুই সিবিএ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই সিবিএ নেতা জহিরুল ইসলাম চৌধুরী ও মো. আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জহিরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অডিট পরিদপ্তরের সহকারী হিসাবরক্ষক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ও মো. আলাউদ্দিন মিয়া ডিজাইন অ্যান্ড ইন্সপেকশন পরিদপ্তর-১-এর সাবেক স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর ছিলেন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে গত রবিবার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার। আদালত আগামী ৬ অক্টোবর চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করে।

মামলা সূত্রে জানা যায়, মামলার আসামিরা তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়া সত্ত্বেও নিজেদের ‘ভিআইপি’ হিসেবে দাবি করেন। তারা অবৈধ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুটি পাজেরো গাড়ি ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ব্যবহার করেন। গাড়ির জ¦ালানি, মেরামত ও সংরক্ষণ বাবদ তারা সরকারি মোট ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ২৭ টাকা আত্মসাৎ করেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী গাড়ি ব্যবহারের প্রাধিকার প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে গাড়ি দেওয়া যাবে না মর্মে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে পাজেরো গাড়ি দুটির সরকারি বরাদ্দের কোনো পত্র পাওয়া যায়নি।

২০১৯ সালের ১৭ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) তাদের বিরুদ্ধে এ মামলা করেন।