চলতি অর্থবছরের বাজেটে বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার, অগ্রিম আয়কর বাতিলসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর রংপুর অঞ্চলের তামাকচাষি ও ব্যবসায়ীরা। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শ তামাকচাষি ও ব্যবসায়ী অংশ নেন। এ সময় তামাকচাষিদের সুরক্ষা নীতিমালা, দেশীয় শিল্প রক্ষা ও বিড়িকে কুটিরশিল্প ঘোষণার দাবিও জানান উপস্থিত সবাই।
লিখিত বক্তব্যে তামাকচাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম ফকির বলেন, ২০২০-২১ অর্থবছরের বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে ৪ টাকা বাড়ানোয় বিড়ি কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এতে কারখানার শ্রমিকরা যেমন বেকার হয়ে পড়ছেন, তেমিন উৎপাদিত তামাক বিক্রিও বন্ধ হয়ে পড়ছে। হাজার হাজার টন তামাক নষ্ট হয়ে রংপুর অঞ্চলের তামাকচাষিরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ ছাড়া অত্র অঞ্চলের মানুষদের বিকল্প আয়ের পথ না থাকায় অভাব-অনটন দেখা দেবে। ফিরে আসবে সেই মঙ্গা পরিস্থিতি।