সাহেদের বিরুদ্ধে জাল টাকা উদ্ধার মামলা

তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ১৫ অক্টোবর

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের গোপন কার্যালয় থেকে জাল টাকা উদ্ধারের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ অক্টোবর ধার্য করেছে আদালত। প্রতিবেদন দাখিলের জন্য গতকাল সোমবার দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন এ আদেশ দেন।

গত ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। ওইদিনই রাজধানীর উত্তরার-১১ নম্বর সেক্টরের সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় র‌্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান মামলাটি করেন। এদিকে সাহেদকে গ্রেপ্তারের পর তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।