কুকুর সামলাতে প্রয়োজন বিটেক, বিএসসি ও বিকম ডিগ্রি। থাকতে হবে নিজের গাড়িও।
ক্যাম্পাসে ঘুরে বেড়ানো কুকুর সামলাতে কর্মী নিয়োগ করতে চাইছে ভারতের দিল্লি আইআইটি। আর ওই পদের জন্যই ওপরে উল্লেখ করা যোগ্যতা চেয়ে অনলাইনে সমালোচনার মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।
প্রকাশিত বিজ্ঞাপনের তিনটি বিশেষ বিষয় সবার নজর কেড়েছে। প্রধানটি হলো, চাকরিপ্রার্থীর যোগ্যতা। বিজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের কুকুর সামলানোর জন্য একজন কর্মী দরকার। নিরাপত্তা বিভাগের অন্তর্গত এই পদে চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন মিলবে ৪৫ হাজার রুপি। কর্মপ্রার্থীর যোগ্যতা হিসেবে বলা হয়েছে, বিটেক, বিএসসি, বিকম অথবা এর সমকক্ষ কোনো ডিগ্রি থাকতেই হবে।
আবেদনকারীর নিজস্ব গাড়ি থাকাও বাধ্যমূলক। এই চাকরি পেতে বেশ কিছু শর্তও আরোপ করা হয়। শুধু মাত্র ২১ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তির আবেদনই গ্রাহ্য করবে আইআইটি। যা নিয়ে নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়। তুমুল সমালোচনার মুখে তড়িঘড়ি বিবৃতি দিয়েছে আইআইটি।
জানানো হয়, ভুলবশত কুকুর নিয়ন্ত্রক পদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্য এক বিজ্ঞাপনের অংশ ঢুকে পড়েছে। চুক্তিভিত্তিক ওই পদের জন্য ভেটেরিনারি সায়েন্সে স্নাতক ডিগ্রিধারীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। বিতর্কের জেরে আপাতত ওই নিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান। যথা সময়ে ওই পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।