করোনা ভ্যাকসিন যৌথ উৎপাদনে পুতিন-সৌদি বাদশাহর আলোচনা

সৌদি বাদশাহ সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ করোনাভাইরাস ভ্যাকসিনের যৌথ উৎপাদনের সম্ভাবনা নিয়ে সোমবার আলোচনা করেছেন। ক্রেমলিনের বরাত দিয়ে এ কথা জানায় এএফপি।

আগস্ট মাসের গোড়ার দিকে রাশিয়া জানায়, তারা কভিড-১৯ মোকাবিলায় বিশ্বের প্রথম ভ্যাকসিন উদ্ভাবন করে ফেলেছে। আরও দাবি করে, সৌদি আরবসহ ২০টি দেশ একশ’ কোটিরও বেশি ডোজ আগাম অর্ডার দিয়েছে।

ভ্যাকসিন তৈরির জন্য রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল থেকে বিশাল অঙ্কের অর্থ প্রদান করা হয়েছে এবং তারা এ ভ্যাকসিনের ব্যাপারে আগ্রহী দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হিসেবে সৌদি আরবকে চিহ্নিত করেছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, সোমবার পুতিন ও সালমান ‘করোনাভাইরাস মহামারির নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে ‘সম্মিলিত প্রচেষ্টা চালানোর বিষয় নিয়ে আলোচনা করেন’।

বিবৃতিতে বলা হয়, আলোচনায় ‘রাশিয়ার তৈরি ভ্যাকসিনের যৌথ উৎপাদনের দৃষ্টিভঙ্গির ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়’।

বিশ্বের দুই প্রধান অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ রাশিয়া ও সৌদি আরব স্থিতিশীল তেলের বাজার নিশ্চিত সমন্বিত প্রচেষ্টা চালানো অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়।

করোনাভাইরাস মহামারির বিপর্যয়ের কারণে ব্যবসায়ীরা দীর্ঘ মেয়াদি চাহিদার দিকে নজর দেওয়ায় গত সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম পড়ে যায়।