হ্যান্ডকাপসহ পুলিশভ্যান থেকে পালানো ৪ আসামি আটক

যশোরের শার্শার আমলা গ্রাম থেকে মাদকসহ আটক ৪ আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের ভ্যান থেকে পালিয়েছেন মঙ্গলবার সকালে। পরে ৬ ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ গোগার সেতাই গ্রাম থেকে ৪ জনকেই আটক করেছে। 

আটক আসামিরা হলেন, আমলা গ্রামের ওয়াহেদ হোসেনের ছেলে মামুন হোসেন (২৫), রেজাউল ইসলামের ছেলে শামীম ইসলাম (২৭) মোস্তফার ছেলে শাহাবউদ্দিন (৩০) ও আয়নাল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শার্শা থানা-পুলিশ আজ সকালের দিকে আমলা গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করে পুলিশ ভ্যানে ওঠায়। থানায় নেয়ার সময় ৪ জন আসামি হ্যান্ডকাপসহ মাঝপথে পুলিশ ভ্যান থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের বেশ কয়েকটি দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে সেতাই গ্রাম থেকে তাদের আটক করা হয়।

শার্শা থানার ওসি বদরুল আলম খান আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আটকের জন্য বিভিন্ন স্থানে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। ৬ ঘণ্টা অভিযান শেষে দুপুরের দিকে পলাতক আসামিদের আটক করা হয়।