নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত মুসল্লিদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপির কেন্দ্রীয় এই নেত্রী এ আহ্বান জানান।
নিপুণ রায় বলেন, ‘আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সমবেদনা জানাতে এসেছি।’
তিনি বলেন, ‘এ বিস্ফোরণে পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তারপরও আমরা আর্থিকভাবে কিছু সহায়তা করার চেষ্টা করেছি মাত্র।’
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উদ্দেশে নিপুণ রায় বলেন, ‘আমরা আশ্বাস দিচ্ছি, বিএনপি আপনাদের সুখে দুঃখে পাশে আছে ও থাকবে। আমরা দোয়া করি, যেন এ ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।’
তিনি বলেন, ‘আমরা স্বজনহারা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। তারা এতটাই শোকাহত যে এখন তাদের চোখ দিয়ে পানিও বের হয় না। শুধু চাপা কান্না।’
নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব বলেন, ‘যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের গাফিলতিতে এমন সর্বনাশা দুর্ঘটনা ঘটেছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।’
এ সময় অন্যদের মধ্যে ছিলেন বিএনপি যুব বিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি নেওয়াজ আলী নেওয়াজ, সাবেক সংসদ সদস্য মরহুম বদরুজ্জামান খান খসরুর ছেলে বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, বিলকিস ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা খন্দকার খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গত শুক্রবার রাতে এশা নামাজের সময় নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণে ২৭ জনের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ আরও ১০ জন চিকিৎসা নিচ্ছেন।