মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আবু মুন্সী মারা গেছেন

মাদারীপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও বর্তমান আহ্বায়ক  কমিটির সদস্য, আবু বকর সিদ্দিক আবু মুন্সী মারা গেছেন। 

সোমবার রাত ৩ টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তিন মেয়ে, স্ত্রী ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।

মঙ্গলবার বাদ আছর হাজরাপুর দরবার শরিফ মাঠে জানাজা শেষে চরমুগুরিয়া মাদ্রাসার পাশে তাকে দাফন করা হয়েছে। বিএনপির এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে গত দুই সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়। সোমবার ভোর রাতের দিকে তিনি মারা যান।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্যসচিব জাহান্দার আলী জাহান বলেন, মাদারীপুর জেলা বিএনপির একজন বড় অভিভাবক ছিলেন তিনি। তার মৃত্যুতে মাদারীপুর জেলা বিএনপি একজন যোগ্য নেতাকে হারালো। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।