দুর্গাপূজার নাটকে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী শর্মিলী আহমেদ ও তারিন জাহান। নাটকের নাম 'বিশ্বভরা প্রাণ'। ফারিয়া হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে শর্মিলী আহমেদ বলেন, ‘দীর্ঘদিন পর তারিনের সঙ্গে একই নাটকে কাজ করেছি। সত্যি বলতে কী, আমাদের চোখের সামনেই তো দেখতে দেখতে সে বড় হয়েছে। শিশুশিল্পী থেকে পরিণত বয়সের অভিনেত্রী হয়ে ওঠা। 'বিশ্বভরা প্রাণ' নাটকে অসাধারণ অভিনয় করেছে তারিন।’
তারিন জাহান বলেন, ‘আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির সবার প্রিয় মা 'শর্মিলী মা'। একটা সময় ছিল, যখন টিভির সব নাটকে বাবা-মার চরিত্রে তাদের সঙ্গে কাজ করার সুযোগ হতো। তাদের স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা, উৎসাহ আমাকে কাজের অনুপ্রেরণা দিয়েছে। দুর্গাপূজার জন্য নির্মিত নাটকে শর্মিলী মায়ের সঙ্গে কাজ করলাম দীর্ঘদিন পর। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’
শর্মিলী আহমেদ, তারিন ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রওনক হাসান ও ঊর্মিলা শ্রাবন্তী কর।