নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে ভারত।
মঙ্গলবার ঢাকার ভারতীয় দূতাবাসের ফেইসবুক পেইজে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে এই শোক প্রকাশের কথা জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দেশ রূপান্তরকে চিঠি কথা নিশ্চিত করে বলেন, চিঠিটি এখনো হাতে পাইনি।
চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর লিখেছেন, বায়তুস সালাত মসজিদে অপ্রত্যাশিত দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিসহ অনেক মানুষের মারাত্মক আহত হওয়ার খবরে আমরা খুব মর্মাহত। অপূরণীয় ক্ষতি এটি।
আমি ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকার, জনগণ বিশেষত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সহানুভূতি এবং গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রসঙ্গত, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৪০ জনেরও বেশি মুসল্লি দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ইতিমধ্যে ওই মসজিদের মোয়াজ্জিনসহ ২৮ জনের মৃত্যু হয়েছে।