আলিয়ার বিপরীতে বলিউডে অভিষেক হচ্ছে টিভি নায়কের

বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন হিন্দি টেলিভিশন তারকা পার্থ সামথান। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত অভিনেতা পরিচালক সঞ্জয় লীলা বানশালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তে আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করবেন।

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন পার্থ। ইনস্টাগ্রামে নিজে জানিয়েছিলেন সে কথা। তারপরই বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও আবাসনের বাইরে বেরিয়ে মা-বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগ নস্যাৎ করে পার্থ জানিয়েছিলেন, করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই তিনি ঘরের বাইরে পা রাখেন। প্যানিক অ্যাটাক হওয়ায় বাবা-মায়ের কাছে গিয়েছিলেন।

কোভিড নেগেটিভ হয়েই নিউ নর্মালে হিন্দি ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কে’র পুনরায় শুরু করেছিলেন পার্থ। কিন্তু কিছুদিন পরই আবার জানা যায়, একতা কাপুরের শো ছাড়তে চলেছেন অভিনেতা। শো ছাড়ার নোটিশও দিয়ে দিয়েছেন। শোনা গিয়েছিল, বলিউডের বিগ বাজেট ছবির জন্যই একতার সিরিয়াল ছেড়েছেন পার্থ। এবার পার্থর সিরিয়াল ছাড়ার কারণ আরও স্পষ্ট হল।

শোনা গিয়েছে, সঞ্জয় লীলা বানশালির ছবিতে আলিয়া ভাটের চরিত্র গাঙ্গুবাঈয়ের প্রেমিক হিসেবে দেখা যাবে পার্থকে। অল্প বয়সী গাঙ্গুবাঈকে বেশ্যালয়ে বিক্রি করে দিয়েছিল তার প্রেমিক। সেই চরিত্রই সিনেমায় ফুটিয়ে তুলবেন পার্থ। স্বল্প সময়ের চরিত্র হলেও নিজের অভিনয় নিয়ে আত্মবিশ্বাসী পার্থ। বানশালির মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে নাকি বেজায় খুশি তিনি। তার বিশ্বাস, এই বলিষ্ঠ চরিত্রই তার সামনে বলিউডের দরজা উন্মুক্ত করে দেবে। ব্যতিক্রমী কাজের সুযোগ দেবে। ইতিমধ্যেই নাকি চরিত্রে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পার্থ সামথান।