করোনা পরিস্থিতিতে ঘরে বসে অনলাইন ক্লাস করার সময় এক ছাত্রীর বাড়িতে ডাকাত হানা দেয়ার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের আমবাটো শহরে গত শুক্রবার ঘটনাটি ঘটেছে। ওইদিন একটি স্কুলের ইংরেজির ক্লাস চলছিল অনলইনে। জুম অ্যাপের মাধ্যমে শিক্ষক-সহ মোট ২৫ জন ছিলেন অনলাইন ক্লাসে।
হঠাৎ দেখা যায়, একটি স্ক্রিনে মারিয়া নামের এক ছাত্রী মুখ ঘুরিয়ে পিছনের দিকে দেখছে। তার ঘরে তখন মুখ ঢেকে কয়েকজন ঢুকে পড়ে, ডাকাতি শুরু করেছে। দামি জিনিস, টাকা পয়সা যা আছে দিয়ে দেওয়ার জন্য ভয় দেখাতে থাকে ডাকাতরা। অন্য শিক্ষার্থীরা শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তারাও এক প্রকার হতভম্ভ হয়ে যান।
ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পরেই ডাকাতরা ল্যাপটপের স্ক্রিনটি নামিয়ে দেয়। ফলে আর কিছুই দেখা যায়নি। কিন্তু তত ক্ষণে অন্যরা বুঝে গিয়েছে, ওই ছাত্রীর ঘরে কী ঘটছে। তারা নিজের মধ্যে কথা বলতে থাকে, ওই ছাত্রীর বাড়ির ঠিকানা কেউ জানে কিনা। পরে ঠিকানা খুঁজে পুলিশকে খবরও দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছনোর আগেই একটি গাড়িতে করে পালিয়ে যায় ডাকাতের দল। তবে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের ধরে ফেলে। ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া নগদ চার হাজার ডলার, দু’টি বন্দুক, একটি ধারালো অস্ত্র, দু’টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং একটি ভিডিও গেম কনসোল।
চার ডাকাতকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।