সোনারগাঁয়ে প্রেমের সম্পর্কের পর বিয়েকে কেন্দ্র করে ছেলে ও মেয়েপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর গ্রামের বশির মিয়ার সঙ্গে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামের ফাতেমা আক্তারের গত তিন মাস আগে গোপনে বিয়ে হয়। বিয়ের পর থেকে ফাতেমা আক্তার তার স্বামী বশির মিয়ার বাড়িতেই বসবাস করছিলেন। কিছুদিন আগে ফাতেমার স্বজনরা তাকে বাড়িতে ফিরিয়ে নিতে ছেলের বাড়িতে আসে। ফাতেমা তার স্বজনদের সঙ্গে ফিরে যেতে অনীহা জানালে ছেলের বাড়ির লোকজনও তাকে যেতে দেয়নি। এতে মেয়ের স্বজনরা ক্ষিপ্ত হয়ে তর্কবিতর্ক করে চলে যান।
এদিকে তাদের সঙ্গে মেয়েকে যেতে না দেওয়ায় মেয়ের স্বজনরা ও হামছাদী এলাকায় তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে পূর্বপরিকল্পিতভাবে ছেলের বাবার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তাদের বাধা দেওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছেলের পক্ষের দুলাল মিয়া, শান্ত, বশির মিয়া, মোক্তার হোসেন, মিজানুর রহমান, হৃদয়, অনিক মিয়া, হাজেরা বেগম, মেহেরুন আক্তার এবং মেয়ের পক্ষের শাহাবুদ্দিন, আল আমিন, হৃদয় মিয়া, জহির হোসেন, আবু বকর মারাত্মকভাবে আহত হন।