ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সেমিফাইনাল মোটেই সেমিফাইনালের মতো হয়নি। এক পক্ষীয় ম্যাচটি ৯ উইকেটে জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্ট্রেডিয়ামে টস জিতে টিকেআরের অধিনায়ক কাইরন পোলার্ড আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিং করতে নেমে জ্যামাইকা তালওয়াস মহাবিপদে পড়ে। মাত্র ২৫ রানে ৪ উইকেট হারায়। শুরুর সেই বিপর্যয় কাটিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি তালওয়াস। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৭ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন এনক্রুমা বোনের। ৩৩ রান করেন বভমান পাওয়েল। মাত্র ১০৮ রানের টার্গেটে খেলতে নেমে ৩০ বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ত্রিনবাগো নাইট রাইডার্স। ওপেনার লেন্ডল সিমন্স ৪৪ বলে ৫৪ করে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে ৪৩ বলে ৪৪ করে অপরাজিত ছিলেন টিওন ওয়েবস্টার। ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আকেল হোসেন। দুটি উইকেট নেন খেরি পেরি।