সিঙ্গাপুরে দমকল বাহিনীর দক্ষতায় প্রাণে বাঁচলেন বাংলাদেশি (ভিডিও)

মাটি থেকে ৪০ মিটার উপরে টাওয়ার ক্রেনে আহত হয়ে পড়ে থাকা এক বাংলাদেশি কর্মীকে উদ্ধার করতে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের (এসসিডিএফ) চৌকস কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ৪৬ বছর বয়সী ওই প্রবাসীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম স্ট্রেইটস টাইমস

এসসিডিএফ’র ফেইসবুক পেজে উদ্ধার অভিযানের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিও দেখে অবশ্য উদ্ধার অভিযানের নাটকীয়তা বোঝার উপায় নেই।

স্ট্রেইটস টাইমস বলছে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে হাউ সান ড্রাইভ কনস্ট্রাকশন সাইটে ওই কর্মী আহত হয়ে পড়ে ছিলেন। পায়ে আঘাত পাওয়ায় সেখান থেকে নামার শক্তি হারিয়ে ফেলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হন সিঙ্গাপুরের ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রেসকিউ টিমের এলিট ডিভিশনের উদ্ধারকর্মীরা।

বিশেষভাবে প্রশিক্ষিত চারজন কর্মী ক্যাট ল্যাডারের মাধ্যমে উপরে ওঠেন। সবাই শরীরে কপিকল এবং দড়িবেঁধে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করেন। ওই চারজনের একজন ‘ক্রস-ট্রেইনড’ বা একাধিক বিষয়ে প্রশিক্ষিত ছিলেন। তিনি উপরে থাকা অবস্থায় আহত বাংলাদেশির চিকিৎসা করেন।

অন্য একটি দল স্ট্রেচার প্রস্তুত করে একইভাবে উপরে পাঠান। মাটি থেকে অত উপরে সরু জায়গায় বসেই আহত ব্যক্তিকে স্ট্রেচারে ওঠানো হয়! শেষ পর্যন্ত তিনি নিরাপদে মাটিতে নেমে আসতে পারেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভুক্তভোগীকে সেনংকাং জেনারেল হাসপাতালে পাঠানোর আগে ঘটনাস্থলে বসেই একজন চিকিৎসক তার চিকিৎসা করেন।

সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রজেক্টের ডেভেলপার চীনের মালিকানাধীন একটি কোম্পানি। বাংলাদেশি ব্যক্তি কাজ করছিলেন ক্যাপিটাল ক্রেনস গ্লোবালের অধীনে।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট কোম্পানির কোনো গাফিলতি আছে কি না, সেটি তদন্ত করা হচ্ছে।