সম্প্রতি উত্তর কোরিয়ায় আঘাত হানা শক্তিশালী এক টাইফুন ‘মেসাক’ এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এতে প্রায় ৬০টি ব্রিজ বিধ্বস্ত হয়েছে। গুঁড়িয়ে গেছে ২ হাজারের বেশি বাড়িঘর। এছাড়া রেল পথেরও ক্ষতি হয়েছে।
গত সপ্তাহে টাইফুন মেসাকের প্রভাবে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হয়। এর ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই আঘাত হেনেছে আরেক টাইফুন ‘হাইসেন’।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে বলা হয়েছে, টাইফুন মেসাকে বিপর্যস্ত এলাকায় ২ হাজারের বেশি ঘরবাড়ি ‘ধ্বংস বা প্লাবিত’ হয়েছে। ৬০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত ও ৫৯টি ব্রিজ ভেঙে পড়েছে। সাড়ে ৩ হাজারের বেশি রেলপথ ভেসে গেছে।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। গ্রাম এলাকায় উদ্ধারকাজে অংশগ্রহণ করার জন্য ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ১২ হাজার কর্মী মোতায়েনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।