আইনজীবীর বিরুদ্ধে এসিড মেরে নারীর মুখ ঝলসে দেওয়ার হুমকি

মামলা করায় চট্টগ্রামে আজিজুল হক আদিল নামে এক আইনজীবীর বিরুদ্ধে প্রাণনাশ ও এসিড মেরে মুখ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন তাহমিনা আক্তার টুম্পা নামে এক নারী।

লিখিত বক্তব্যে টুম্পা বলেন, মামলা তুলে নেওয়ার জন্য আমার প্রাণনাশসহ ছোট্ট মেয়েকে অপহরণের হুমকি দেওয়ায় গত ১৯ মার্চ পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেছি। এরপর তদন্ত কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। বর্তমানে ওই আইনজীবী নিজে ও অপরিচিতদের দিয়ে প্রাণনাশের ও এসিড মেরে মুখ ঝলসে দেওয়ার হুমকি দিচ্ছেন। আমি চরম হতাশায় আছি।

টুম্পা বলেন, ২০১৭ সালে আমার সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য আজিজুল হক আদিলকে আইনজীবী নিয়োগ করি। এ সুবাদে তিনি সুপরিকল্পিতভাবে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে আমার সঙ্গে প্রথমে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন। পরে একই বছরের ২৮ জুন তার কোর্ট চেম্বারে এক ব্যক্তিকে কাজি সাজিয়ে বিয়ের কাবিননামা বলে নীল রঙের কাগজ ও বইতে সই নেন। ওইদিন নগরের একটি মাজারে নিয়ে হুজুরের মাধ্যমে দোয়া পাঠ করান। পরে পাঁচলাইশের আনোয়ার মঞ্জিলে তার চেম্বারের পাশের রুমসহ বিভিন্ন স্থানে ও আত্মীয়ের বাসায় আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে কনসিভ করলেও আমার ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত ঘটান। বারবার আনুষ্ঠানিকভাবে তার ঘরে উঠিয়ে নেওয়ার জন্য বললে টালবাহানা শুরু করেন। ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেন।

তিনি বলেন, নিরুপায় হয়ে আদালত ভবনে তার চেম্বারে এসে ঘরে তুলতে বললে স্বামী-স্ত্রীর সম্পর্ক, আমার ৩২ লাখ টাকা লেনদেনসহ সব অস্বীকার করেন। পরে আদালতে (সিআর মামলা ৭৮০/৯১) দাখিল করি। আদালতের আদেশে পিবিআই ঘটনার সত্যতা ও আসামির সম্পৃক্ততা বিষয়ে প্রতিবেদন দাখিল করে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদেরও হস্তক্ষেপ কামনা করছি।