পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সঠিকভাবে হয়নি বলেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সকাল হতে দুপুর পর্যন্ত ডিএসসিসির বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ডিএসসিসির মেয়র এদিন দক্ষিণ বনশ্রীর বনবিথী (১০ তলা এলাকা) সড়ক, মান্ডা খাল, মোস্তফা মাঝি মোড় এলাকায় অঞ্চল-৬ এর আঞ্চলিক কার্যালয়ের সম্ভাব্য স্থান, যাত্রাবাড়ী কাঁচা বাজারের পাকা মার্কেট, শনির আখড়া এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার এবং সর্বশেষ জয়কালী মন্দির ও কাপ্তানবাজার সড়কের তিন রাস্তা মোড় পরিদর্শন করেন।
এ সময় জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র তাপস বলেন, আপনার লক্ষ্য করেছেন, আমরা যাত্রাবাড়ী কাঁচাবাজার ও এর আশপাশ এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছি। কিছুদিন আগেও গণমাধ্যমে আপনারাই প্রতিবেদন করেছেন যে, ধলপুর এলাকা ও এর আশপাশ এলাকায় ফ্লাইওভার থেকে নেমে আসা পানির কারণে জলাবদ্ধতা সৃষ্টি এবং এর ফলশ্রুতিতে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর মূল কারণ আজ আমরা সরেজমিন পরিদর্শনে এসে দেখলাম- ফ্লাইওভার থেকে নেমে আসা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা করা হয়নি। ফলে রাস্তার ওপরে সরাসরি ফ্লাইওভারের পানি নেমে আসে। এতে রাস্তারও ক্ষতি হয় এবং আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
ফ্লাইওভার যখন নির্মাণ করা হয়েছিল, তখন ফ্লাইওভার থেকে নেমে আসা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা তাতে অন্তর্ভুক্ত ছিল। যদিও সেটা করা হয়নি। এ ধরনের অনেক অনিয়মের কারণ খুঁজে বের করতেই আমার এই সরেজমিন পরিদর্শন।
তিনি বলেন, আমরা ফ্লাইওভার কর্তৃপক্ষকে নোটিশ দেব, সেতু বিভাগকে চিঠি দেব। যাতে করে অচিরেই ফ্লাইওভার থেকে নেমে আসা পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়।