‘আন্তর্জাতিক নারী পাচারকারী’ চক্রের হোতা গ্রেপ্তার

ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের চেষ্টাকালে সাভার থেকে ‘আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের’ এক হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার ভোরে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী তিন নারীকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তার সিরাজুল ইসলাম যশোরের অভয়নগর থানার রাজারঘাট গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। অন্যদিকে উদ্ধার হওয়া নারীরা হলেন সাভারের কাউন্দিয়া ইউনিয়নের লিমা আক্তার (২২), প্রিয়াংকা (২৯) এবং তাসলিমা আক্তার আন্নি (২৭)।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, দীর্ঘদিন ধরেই অসহায় নারীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম ভারতসহ বিভিন্ন দেশে তাদের পাচার করে আসছিল। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে মাঠে নামে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে আমিন বাজার থেকে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশে গাড়িতে ওঠানোর সময় সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।