অক্টোবর-নভেম্বরে মালদ্বীপে এএফসি কাপের ‘ই’ গ্রুপের খেলা হওয়া নিয়ে এখনো সংশয় আছে। তাই বলে তো হাত-পা গুটিয়ে বসে থাকার সুযোগ নেই বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। চলতি মাসের শুরু থেকে তাই অনুশীলন শুরু করে দিয়েছে এই গ্রুপের অন্যতম ফেভারিটরা। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে দীর্ঘ সময় বাদে মাঠে ফিরে খেলোয়াড়রাও উৎফুল্ল। করোনা পরিস্থিতি যদি শেষ পর্যন্ত এএফসি কাপ সময় মতো আয়োজনে বাধা হয়ে দাঁড়ায়, তাতে বড় কোনো ক্ষতি হবে না কিংসের। এই সুযোগে প্রাক-মৌসুম প্রস্তুতিটাও হয়ে যাচ্ছে তাদের।
করোনার বিরতির পর প্রায় এক সপ্তাহ হয়ে গেছে অনুশীলন। কোচ ফুটবলারদের দ্রুত মানিয়ে নেওয়ার প্রবণতা দেখে নিশ্চিন্ত, ‘ট্রেনিংয়ে সবার মধ্যেই একটা ইতিবাচক মানসিকতা দেখছি। তারা দ্রুত সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা তাদের দ্রুত আমাদের খেলার ঢঙের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করছে।’
এএফসি কাপের ম্যাচ না থাকলেও কিংসের ঘরে বসে থাকার সুযোগ ছিল না। করোনার বিরতি ভেঙে ঘরোয়া ফুটবল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘরোয়া ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য তাই প্রাক-মৌসুম প্রস্তুতি নিতেই হতো। ব্রুজনের অবশ্য চোখ এএফসি কাপের শ্রেষ্ঠত্বে। তাই কালক্ষেপণ না করে কভিড-১৯ পরীক্ষা করিয়ে খেলোয়াড়দের মাঠে ফিরিয়েছে ক্লাবটি। ফিরতে পারেননি কেবল উইঙ্গার রবিউল হাসান। করোনা জাতীয় দলের এই ফুটবলারকে ভালোই কাবু করেছে। ক্যাম্পে যাতে বাকিদের করোনা হানা দিতে না পারে, তাই বড্ড সতর্ক ক্লাব কর্র্তৃপক্ষ। বিনা অনুমতিতে ক্লাবভবন ত্যাগের সুযোগ নেই খেলোয়াড়দের। এই বিধিনিষেধকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন ডিফেন্ডার তপু বর্মণ, ‘স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা সবার আগে। এখানে আমরা সবাই সতর্ক থাকছি। মেনে চলছি সব স্বাস্থ্যবিধি। এমনিতেই দীর্ঘ বিরতির কারণে ফিটনেসে কিছুটা ঘাটতি হয়েছে। তবে লকডাউনের সময়টা বাড়িতে পরিশ্রম করায় সেটার পরিমাণ কম। তারপরও যতটুকু ঘাটতি আছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা সবাই পরিশ্রম করছি। কোচও আমাদের চেষ্টা দেখে খুশি।’
আজ আরেকটা স্বস্তি পেতে চলেছেন ব্রুজন। আজই ঢাকায় পা রাখার কথা রয়েছে কিংসের তিন ভিনদেশি ফুটবলারের। এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে চার গোল করা আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস একই ফ্লাইটে সঙ্গে করে নিয়ে আসছেন দুই ব্রাজিলিয়ান নতুন রিক্রুট রবসন দ্য সিলভা রবিনহো ও জোনাথন ফার্নান্দেজকে। এই তিনের যোগে কিংস আরও শক্তিশালী রূপে আবির্ভূত হবে বলেই বিশ্বাস ব্রুজনের। তবে তাদের কাছ থেকে না দেখে বাড়তি কোনো মন্তব্য করতে চান না এই কোচ, ‘অনুশীলনে দুই ব্রাজিলিয়ানকে পরখ করার পর তাদের সম্পর্কে বলতে পারব। আমার বিশ্বাস ধীরে ধীরে আমাদের সহজাত খেলার ধরনের সঙ্গে সবাই মানিয়ে নিয়ে সেরাটাই মাঠে ঢেলে দেবে।’