বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৩ অক্টোবরের নির্বাচনে ২১ পদে মোট ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল ছিল প্রার্থিতার ওপর আপত্তি দাখিলের দিন। বেলা ৩টা পর্যন্ত কারও প্রার্থিতার ওপর আপত্তি আসেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। তিন সদস্যের নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে আগামীকাল। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১২ সেপ্টেম্বর। তার পরের দিন প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। অর্থাৎ ফুটবল নির্বাচনের জন্য আজ নিয়ে আগামী দুদিন বেশ গুরুত্বপূর্ণ। এই সময়টাতে হতে পারে নানা মেরুকরণ। বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন নেতৃত্বাধীন প্যানেলে সেভাবে রদবদলের সম্ভাবনা নেই। তবে আসছে নির্বাচনে তারা কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেটা ১২ সেপ্টেম্বরের মধ্যেই পরিষ্কার হবে। সভাপতি পদে তিনবারের সভাপতি সালাহউদ্দিনকে চ্যালেঞ্জ জানানো বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক শেষ পর্যন্ত নির্বাচনমুখী থাকেন কি না এ নিয়ে প্রশ্ন আছে এখনো।