করোনায় মারা গেলেন অভিনেতা কেএস ফিরোজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা কেএস ফিরোজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নয় দিন ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। সাত দিন আগে তার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন কেএস ফিরোজের মেয়ে ব্যারিস্টার রাবিয়া জাহান ফিরোজ।

তিনি বলেন, ‘জ¦র ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে নয় দিন আগে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাত দিন আগে তার করোনা রেজাল্ট পজিটিভ আসে। গত মঙ্গলবার দুবার বাবার কার্ডিয়াক শকড হয়। এরপর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বুধবার সকাল ৬টা ২০ মিনিটে চিকিৎসকরা ওনাকে মৃত ঘোষণা করেন।’