মাস্ক, পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষার নিম্নমানের সামগ্রী সরবরাহ করার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাদিদ অটোমোবাইলসের মালিক শামীমুজ্জামান কাঞ্চনকে গতকাল বুধবার দিনভর জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে বিশেষ অনুসন্ধান দল তাকে জেরা করে। এর আগে গত ৩ সেপ্টেম্বর কাঞ্চনকে অতীব জরুরি তলবি নোটিস পাঠিয়ে বুধবার হাজির হতে বলা হয়। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রণব জানান, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কভিড-১৯ এর চিকিৎসার নিমিত্ত নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় ও সরবরাহ করে। তারা বিভিন্ন জনের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জন করে। কমিশন এই অভিযোগটি অনুসন্ধান করছে।
প্রণব কুমার ভট্টাচার্য আরও জানান, অনুসন্ধানের স্বার্থে কমিশন স্বাস্থ্য অধিদপ্তরে কিছু নথিপত্র তলব করেছে। সেগুলো হচ্ছে, কভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত প্রকল্পের আওতায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের জন্য জাদিদ অটোমোবাইলসের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র, নোট শিট, সরবরাহ আদেশের কপি; জাদিদ অটোমোবাইলসের সরবরাহ করা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর তথ্য ও চালান; তাদের দেওয়া বিলের যাবতীয় রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি।