সাংবাদিকদের ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার ও আশুলিয়ায় এক ইঞ্চিও অবৈধ গ্যাস সংযোগ থাকবে না

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সাভার ও আশুলিয়ায় এক ইঞ্চিও অবৈধ গ্যাস সংযোগ থাকবে না। যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। গতকাল বুধবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডা. এনামুর রহমান সরণি ও একটি রাস্তা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এনামুর রহমান বলেন, এরই মধ্যে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকরণে অভিযান শুরু হয়েছে। রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে যারা টাকা হাতিয়ে নিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে অবৈধ গ্যাস সংযোগদাতাদের বিরুদ্ধে বেশকিছু মামলা এবং আসামিও গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জের গ্যাস বিস্ফোরণে হতাহতদের আর্থিক সহায়তার পাশাপাশি সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

পরে এনামুর রহমান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। এ সময় পৌর মেয়র আবদুল গণি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দিনব্যাপী আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে আশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড দুর্গাপুর পশ্চিম চালা, জহরচান্দা ও বেলমা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ।