গোপালগঞ্জে পানিতে ডুবে ও বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া ও মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কোটালীপাড়ার মুশুরিয়া গ্রামের অনিল বৈদ্যের ছেলে অসিত বৈদ্য নিজের ঘরের ফ্রিজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। মারাত্মক আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, মুকসুদপুর উপজেলার খাঞ্জাপুর গ্রামের রেজাউল কাজীর দুই বছরের শিশু রুমানা বাড়ির পাশের খালের পানিতে পড়ে মারা গেছে। দিগনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।