ওয়ানডেতে জয়ের ফর্মুলার খোঁজে অস্ট্রেলিয়া

২০২৩ বিশ্বকাপের জন্য ওয়ানডে সুপার লিগে পা রাখছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ দিয়ে শুরু হচ্ছে তাদের পথচলা। তিন ওয়ানডের প্রথমটি আজ। ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে আরও আগেই ওডিআই লিগ শুরু করেছে। ওয়ানডে সুপার লিগে এখন থেকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৩ দল শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আগের মতো ৫ বা ৭ ম্যাচের সিরিজ আর হচ্ছে না। কিন্তু এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার যে বড় সমস্যা। তিন ম্যাচে সীমাবদ্ধ গত চারটি সিরিজেই হেরেছিল অস্ট্রেলিয়া। ২০১৫ বিশ্বকাপের পর থেকে তিন ম্যাচের সিরিজ খেলতে গিয়ে ছয়টির মধ্যে পাঁচটিতে ব্যর্থ হয়েছে দলটি। তাই ওয়ানডে সুপার লিগের এই ফরম্যাট অস্ট্রেলিয়ার জন্য এক ধাঁধা। সেই ধাঁধার সমাধান খোঁজার লক্ষ্য নিয়েই আজ ম্যানচেস্টারে নামছে অ্যারন ফিঞ্চের দল। অধিনায়ক নিজেও বলে গেলেন ওয়ানডেতে জয়ের ‘সেরা ফর্মুলা’টা এখনো খুঁজছেন তারা।

ওয়ানডের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। মানসিকভাবে এগিয়ে থাকবে ইংলিশরা। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল এ দুই দল। সেই লড়াইয়েও শেষ হাসি ছিল ইংল্যান্ডের। পরে নিজেদের প্রথম বিশ্বকাপ জিতে ইয়ুন মরগানের দল। টি-টোয়েন্টি সাফল্যের পর নিকটঅতীতে ওয়ানডেতেও ভালো করার দিক থেকে এগিয়ে আছে স্বাগতিক দল।    

অ্যারন ফিঞ্চ অবশ্য তা মানছেন না। অজি অধিনায়কের মতে, ওয়ানডেতে তারাও উন্নতি করেছে। কিন্তু এখনো কিছু জায়গায় পিছিয়ে তার দল। সেটা হলো একাদশ সাজানোয়, ‘গত দুই বছরে আমরা এক দিনের আন্তর্জাতিকে উন্নতি অব্যাহত রেখেছি। কিন্তু কিছু জায়গায় আমাদের আরও এগিয়ে যেতে হবে। যেমন সঠিক ফর্মুলা তৈরিতে আমরা এখনো ওয়ানডের জন্য সেরা ১১ জন ক্রিকেটারকে বাছাই করতে পারিনি। এটা লুকোনোর কিছু নেই। আমরা এই ফরম্যাটে আরও উন্নতি করতে চাই। এজন্য আমাদের পিছিয়ে থাকার জায়গাগুলো বের করতে হবে। আপাতত সঠিক ফর্মুলা খুঁজে পাওয়া আমাদের এক নম্বর কাজ।’

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংসেরা অস্ট্রেলিয়া কিন্তু ওয়ানডেতে পঞ্চম। অবশ্য ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারায় রেটিং পয়েন্ট হারিয়েছেন ফিঞ্চরা। সিরিজ হারলেও শেষ টি-টোয়েন্টিতে সাউদাম্পটনের জয়কে বেশ গুরুত্বপূর্ণ বললেন ফিঞ্চ। আজ থেকে শুরু হওয়া সিরিজ সামনে রেখে সঠিক একাদশ বাছাইয়ের কাজ করবেন ফিঞ্চ। বললেন, ‘আমাদের মূল কাজ সঠিক একাদশ ঠিক করা। এজন্য একাদশ বাছাই প্রক্রিয়া ঠিক হতে হবে। করোনা বিরতিতে আমরা এ নিয়ে কথা বলেছি। বিপক্ষের মাঠে এক দিনের ক্রিকেট সব সময়ই কঠিন। এই সিরিজে আমরা সেই কঠিন পথেই সঠিক দিক খুঁজতে যাচ্ছি।’

নিজেরা পাঁচে থাকলেও ইংল্যান্ড আপাতত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। তবুও সেরা দলটিকে হুমকি দিয়ে রাখলেন ফিঞ্চ, ‘২০১৬ থেকে ইংল্যান্ড ওয়ানডেতে সেরা ক্রিকেট খেলছে। সাদা বলে তাদের সমকক্ষ আপাতত কোনো দলকেই দেখছি না। তবুও আমি বলব প্রতি ম্যাচেই কিছু সুযোগ পাওয়া যায়। আমরা সেই সুযোগ কাজে লাগিয়ে ওদের পেছনে ফেলতে চাই।’