আমাজনের জীবন প্রকৃতি নিয়ে গবেষণা করে যাচ্ছিলেন দীর্ঘ বছর ধরে। বৃহৎ সেই বনের আদিবাসীদের হাতেই মৃত্যু হলো এই বনাঞ্চল সম্পর্কিত ব্রাজিলের শীর্ষ পর্যায়ের গবেষক রিয়েলি ফ্রান্সিসকাতোর।
ব্রাজিলের উত্তর-পশ্চিম রাজ্য রনদোনিয়ার আমাজনের গহিন বনে আদিবাসীদের ছোড়া তীরে বুধবার ফ্রান্সিসকাতোর মৃত্যু হয় বলে বিবিসি’র খবরে বলা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
ব্রাজিল সরকারের আদিবাসী বিষয়ক প্রতিষ্ঠান ‘ফুনাই’ এর গবেষকের দায়িত্ব পালন করছিলেন ফ্রান্সিসকাতো। কাজের অংশ হিসেবে বিচ্ছিন্ন এলাকায় একটি আদিবাসী দলকে পর্যবেক্ষণ করে আসছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সঙ্গীদের নিয়ে আদিবাসী দলটির কাছে যাওয়ার চেষ্টা করলে তীরবিদ্ধ হন ফ্রান্সিসকাতো। তার সঙ্গে কয়েকজন পুলিশ সদস্যও ছিল। আদিবাসী দলটি আক্রমণাত্মক হলে একটি গাড়ির পেছনে আশ্রয় নেন তারা। কিন্তু একটি তীর তার বুকে আঘাত হানলে মৃত্যু হয় ফ্রান্সিসকাতোর।
প্রত্যক্ষদর্শী এক পুলিশ সদস্য জানান, ফ্রান্সিসকাতো তীরটি বের করে আনতে সক্ষম হয়েছিলেন। তীরটি ঠিক হৃৎপিণ্ডের আঘাত হেনেছিল।
“তিনি চিৎকার করে ওঠেন। বুক থেকে তীরটি টেনে বের করে আনেন। ৫০ মিটারের মতো দৌড়ানোর পর পড়ে যান এবং নিষ্প্রাণ হয়ে যান।”
ওই অঞ্চলে থাকা গাব্রিয়েল উচিদা নামক একজন ফটোসাংবাদিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফ্রান্সিসকাতো একটি আদিবাসী দলকে পর্যবেক্ষণ করে আসছিলেন, যারা কুতারিও নদীর ‘বিচ্ছিন্ন দল’ হিসেবে পরিচিত।
উচিদা জানান, তিনিও এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তার দাবি সাধারণত এই আদিবাসী দলটি ‘খুব শান্ত স্বভাবের’। কিন্তু এবার যে পাঁচজনকে দেখা গেছে তারা ছিল সশস্ত্র-যুদ্ধবাজ।