কুরিয়ারে করে ২৮ লাখ টাকার চরস পাচার করতে গিয়ে আটক ৩

ভারত থেকে হংকংয়ে কুরিয়ারে করে প্রায় ২৮ লাখ টাকার চরস পাচার করতে গিয়ে আটক হয়েছেন তিন ব্যক্তি। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা পৌর এলাকার উত্তর-পশ্চিম সীমান্ত শহর দমদম থেকে তাদের আটক করে।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রায় ১১ কেজি চরস পাচারের পরিকল্পনার কথা গোপন সূত্রে জানতে পেরে তদন্তে নামে এনসিবি। প্রথমে দমদম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই মাদক পাচার চক্রের প্রধান রাজেন মিশ্রকে। পরে তাকে জেরা করে আটক করা হয়ে অসীম রায় এবং বিশ্বনাথ দাসকে।

এনসিবি সূত্র জানায়, গত বুধবার ১১ কেজি চরস আটক করা হয়। কুরিয়ার বাক্স খুলতে দেখা যায়, তাতে চরস রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকা। বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেপ্তারের সময়েও চরস, সিরাপ এবং ওষুধ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তারকৃতরা ওষুধের বৈধ নথিপত্র দেখাতে পারেনি অভিযুক্তরা।

এনসিবি-র অফিসারদের ধারণা, কুরিয়ারের মাধ্যমে তারা দীর্ঘ দিন ধরেই বিদেশে মাদক পাচার করত। এই চক্রে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।