ঝালকাঠি সদর হাসপাতালের লাশকাটা ঘরে চুরির ঘটনা ঘটেছে। মর্গের লাশ কাটার বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। শুক্রবার সকালে চুরির বিষয়টি ধরা পড়ে। তবে কবে চুরির ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
ঝালকাঠি সদর হাসপালের লাশকাটা ঘরটি পৌর এলাকার ব্র্যাক মোড় এলাকায় অবস্থিত। করোনার মধ্যে গত দেড় মাসে এখানে ডোমদের যাতায়াত ছিল না। শুক্রবার সকালে দপদপিয়া থেকে আত্মহত্যা করা একটি লাশ সদর হাসপাতালে আনা হলে সেখান থেকে ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর চুরির ঘটনা প্রকাশ পায়। চোরেরা মর্গ থেকে লাশ কাটার ছুরি, হাতুড়ি, কুড়াল ও ওয়েটমেশিনহ গুরুত্বপূর্ন যন্ত্রপাতি নিয়ে গেছে।
লাশকাটা ঘরের দায়িত্বে থাকা পলক ডোম জানান, গত দেড় মাসে লাশকাটা ঘরে যাননি তিনি। শুক্রবার সকালে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে আনা হয়। কিন্তু ঘরের সামনে আসতেই দেখা যায় দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখি ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ সব যন্ত্রপাতি চুরি হয়ে গেছে।
ঝালকাঠি সিভিল সার্জন ডা. রতন ঢালী বলেন, লাশকাটা ঘর থেকে বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাওয়ার ব্যাপারে আমরা সদর থানায় একটি অভিযোগ দেব। লাশ কাটা ঘর থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি চোরেরা চুরি করে নিয়ে গেলেও আমাদের ময়নাতদন্তের কাজ আগের মতই চলবে।