এক মাদক বিক্রেতার ছুরিকাঘাতে অপর মাদক বিক্রেতার মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবের রামশংকরপুর এলাকায় সোহরাব (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে হান্নান (৩০) নামের অপর এক মাদক বিক্রেতা।

বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। নিহত সোহরাব কালীপুর গ্রামের মুতালিব মিয়ার ছেলে। আর হান্নান একই বংশের মুতি মিয়ার ছেলে।

খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা পিবিআইয়ের একটি টিম শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রামশংকপুর এলাকায় হান্নান ও সোহরাবের মাঝে প্রথমে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সোহরাব মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে চলে যাওয়ার সময় হান্নান পেছন দিক থেকে সোহরাবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে সোহরাবের স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যায় সোহরাব।

নিহত সোহরাবের স্বজনরা জানান, কিছুদিন আগে হান্নানকে গ্রেপ্তার করে র‌্যাব। বেশ কয়েক মাস হাজত খেটে জামিনে বের হয়ে আসে সে। হান্নানের ধারণা র‌্যাবের হাতে গ্রেপ্তারে সোহরাবের হাত রয়েছে। এরপর থেকেই সোহরাবকে দেখে নেবার হুমকি দিয়ে আসছিল হান্নান।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি (তদন্ত) মো. রাশেদ জানান, খবর পেয়ে রাতেই এলাকা পরিদর্শন করেছি। নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ দাখিল করেনি। তবে পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে।