কক্সবাজারের মহেশখালীতে বনদস্যুদের হাতে নিহত সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিনের পরিবারের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বন বিভাগ।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীর নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তারা শুক্রবার সকাল ১০ টার দিকে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ইউসুফ উদ্দিনের বাড়িতে গিয়ে এই চেক হস্তান্তর করেন।
উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর মগডেইল গ্রামের নিহত রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিনের বাড়িতে নিহতের বাবা নিজাম উদ্দিন এই চেক গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চলের আব্দুল আওয়াল সরকার, উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা এসএম গোলাম মাওলা, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা শাহ মোহাম্মদ মোজাম্মেল, উপকূলীয় বন বিভাগ কক্সবাজারের সহকারী বন সংরক্ষক সাইফুল ইসলাম, উপকূলীয় বন বিভাগ কুতুবদিয়ার রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেনসহ মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন জানান, বন দস্যুদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন মহেশখালীর সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিন। আমরা আর্থিক সহায়তা হিসেবে বন বিভাগের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছি। সরকারের পক্ষ থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হবে। সরকার ও বন বিভাগের পক্ষ থেকে ইউসুফের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতা দেয়া হবে।