রাজধানীর দক্ষিণখানে বাসার ছাদ থেকে নিচে পড়ে শাহরিয়ার রশিদ জুনাস (৯) নামে এক স্কুলছাত্র ও মালিবাগে পুরাতন ভবন ভাঙার সময় দোতলা থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্বজনরা জানান, রাজধানীর দক্ষিণখানে বাসার ছাদে পানির ট্যাংক থেকে পড়ে স্কুলছাত্র শাহরিয়ার রশিদ জুনাসের মৃত্যু হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টা তার মৃত্যু হয়।
এদিকে গতকাল বিকেল ৪টার দিকে মালিবাগে ভবন ভাঙার কাজ করার সময় নজরুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিক নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে পৌনে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী ওমর ফারুক জানান, তাদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায়। কয়েক দিন ধরে মালিবাগ বায়তুল মামুর জামে মসজিদের পাশে পাঁচতলা ভবন ভাঙার কাজ করছিল তারা। ওই ভবনেই থাকত তারা। গতকাল দোতলায় তলায় কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।